নোয়াখালীতে আ. লীগ নেতার উপর হামলার অভিযোগ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
উপজেলার সোনাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন নুরুল ইসলাম অভিযোগ করেন, সোনাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবিবুর রহমানকে (৫০) শুক্রবার বেলা ১২টার দিকে কুপিয়ে আহত করা হয়।
তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, মাইজচরা গ্রামে রবিউলের দোকানে বসে চা খাচ্ছিলেন তার ভাই হাবিবুর রহমান।
“এ সময় ১০-১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী মোটরসাইকেলে করে এসে হাবিবুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তারা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতংক সৃষ্টি করে। খবর পেয়ে লোকজন ছুটে গেলে তারা পালিয়ে যায়।”
এ ব্যাপারে অভিযোগ দেওয়া হয়নি বলে হাতিয়া থানার ওসি কামরুজ্জামান সিকদার জানিয়েছেন।
তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
