সাতক্ষীরায় বিএনপি নেতার বাসে আগুন
দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের পর সাতক্ষীরায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলীর বাকাল এলাকায় পৌর মেয়র জেলা বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতীর মালিকানাধীন একে ট্রাভেলসের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সড়কের পাশে এসি বাসটি রাখা ছিল। সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।
২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে আবুল কাশেম (একে) গ্রুপের চেয়ারম্যান তাজকিন আহমেদ চিশতী বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। তিনি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি।
