আশুলিয়ায় পিটুনিতে ‘ডাকাত’ নিহত
ঢাকার আশুলিয়ায় এক ঠিকাদারের বাড়িতে ডাকাতি করে পালানোর সময় স্থানীয়দের পিটুনিতে একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোরের দিকে আশুলিয়ার নলামগ্রামে ঠিকাদার সিদ্দিকুর রহমানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান।
নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
সিদ্দিকুর রহমান বলেন, তিন তলা বাড়ির নিচ তলার বারান্দার গ্রিল কেটে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ১০/১২ জন ডাকাত ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে হাত-পা বেঁধে আলমারি ভেঙে ৮৫ ভরি স্বর্ণলঙ্কার, নগদ এক ৫২ হাজার টাকা, তিনটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল হাতিয়ে নেয়।
“এ সময় ডাকাতির বিষয়টি জানতে পেরে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিলে সবাই বেরিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে।”
পরে এলাকাবাসী তাকে বেঁধে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আউয়াল।
নিহতের পরিচয় শনাক্তেরও চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
