২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ডাকাতিকালে ইজিবাইকে ট্রাকচাপা, নিহত ১

নওগাঁয় সড়কে ডাকাতির সময় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে ডাকাত বলছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 05:19 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

ওই সময় ডাকাতের কবলে পড়া ছয় ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত যুবকের (৪০) পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন বাসুলডাঙ্গা গ্রামের মনোয়ারা খাতুন, রুহুল আমিন, আমিনের ছোট ভাইয়ের স্ত্রী তাছলিমা খাতুন, একই গ্রামের মিলন, আলেক বাবু ও মসজিদের ইমাম জাহিদুল ইসলাম।

আহতদেরকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে সাপাহার থানার ওসি সামশুল আলম জানান, রাতে অসুস্থ গৃহবধূ মনোয়ারা খাতুনকে নিয়ে রুহুল আমিন, তাছলিমা, মিলন, আলেক বাবু ও জাহিদুল ইসলাম ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া করে সাপাহার সরকারি হাসপাতালে যান।

ওসি বলেন, চিকিৎসা শেষে রাত পৌনে ১১টার দিকে তারা আবার তাদের ইজিবাইকে বাড়ির উদ্দেশে রওয়ানা হয়। বাসুলডাঙ্গা মোড়ে পৌঁছালে তারা দেখেন গাছ ফেলে রাস্তায় অবরোধ দেওয়া হয়েছে।

“এরপর একদল ডাকাত ইজিবাইকটি রাস্তার মাঝখানে রেখে তাদের কাউকে নামতে না দিয়ে টাকাসহ মালামাল ছিনিয়ে নিতে থাকে। ওই সময় দ্রুত ছুটে আসা একটি ট্রাক ডাকাতসহ ইজিবাইকটিকে চাপা দিয়ে চলে যায়।”

ওসি বলেন, এ সময় ট্রাকের চাকায় এক ডাকাত ও ইজিবাইক যাত্রীরা আহত হন। ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। পুলিশের টহল দল তাদের সাপাহার হাসপাতালে নেয়। সেখান থেকে রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভোর ৪টার দিতে অজ্ঞাত পরিচয় ওই ডাকাতের মৃত্যু হয় বলে জানান ওসি সামশুল।  

মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।