ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা
বিস্ফোরক আইনের এক মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম মুনীর কামালের আদালত তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করে বলে জানান আসামি পক্ষের আইনজীবী আলী আজম।
জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।
আইনজীবী আলী আজম জানান, ২০১৫ সালের ৬ জানুয়ারি জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করে পুলিশ। ওই মামলায় পুলিশ প্রতিবেদনের পর গত ৭ জানুয়ারি শুনানির দিন ধার্য্য ছিল।
“ওই দিন আসামিরা আদালতে হাজির না হওয়ায় পুনরায় সোমবার শুনানির দিন ধার্য্য হয়। এইদিন অভিযুক্তদেরকে অব্যাহতি ও জামিন আবেদন করা হলে আদালত তা না মঞ্জুর করে ৬০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।”
২০১৫ সালের ৫ জানুয়ারি শহরের কালিবাড়ি মোড়, তোফায়েল আজম কিন্ডার গার্টেন এলাকাসহ বিভিন্ন স্থানে পুলিশ ও বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা করে।
