২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে হিন্দুবাড়িতে আগুন: বিএনপি নেতার জবানবন্দি

ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দুবাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বিএনপি নেতা মাসুদ রানা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 01:32 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

সোমবার ঠাকুরপাড়ায় হামলা ও আগুনের মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গচড়া থানার এসআই মিস্টার আলী এ কথা জানান।

মাসুদ রানা রংপুর সদর উপজেলা বিএনপির সদস্য। ঠাকুরপাড়ার পাশের গ্রাম শালেয়াশাহ এলাকায় মাসুদের বাড়ি।

গত বছরের ১০ নভেম্বর ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে কয়েক হাজার মানুষ ঠাকুরপাড়ায় হামলা চালিয়ে নয়টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাড়ির মালপত্র লুট করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক হামলাকারীর মৃত্যু ও সাত পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।

পরে কোতোয়ালি থানায় একটি ও গঙ্গাচড়া থানায় আরেকটি মামলা করে পুলিশ। দুটি মামলায় ১৫৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও দুই হাজারের বেশি লোককে আসামি করা হয়।

এ ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন মাসুদ রানা। গত ৩০ জানুয়ারি মাসুদ রানাকে খলেয়া ইউনিয়নের সলেয়াশাহ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এসআই মিস্টার বলেন, গত ৩১ জানুয়ারি মাসুদকে পাঁচদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

“রোববার সন্ধ্যায় রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরিফুল ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন মাসুদ রানা। এতে হিন্দুবাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন মাসুদ।”

হিন্দুবাড়িতে হামলা এবং আগুনের ঘটনায় এর আগে রংপুর জেলা পরিষদের প্রকৌশলী ফজলার রহমানও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। 

পুরনো খবর:

রংপুরে হিন্দুবাড়িতে আগুন: সেই প্রকৌশলীর জবানবন্দি