ভৈরব থানার ওসির বিরুদ্ধে মারধর ও চুরির মামলা
চাঁদা দাবি, মারধর ও গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগে কিশোরগঞ্জের ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান ও এসআই এসএম জালাল বিন আমিরের বিরুদ্ধে মামলা হয়েছে।
বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইকবাল মাহমুদ আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন বলে বাদীর আইনজীবী শীতল কুমার দেবনাথ জানিয়েছেন।
রফিকুল ইসলাম ভৈরবের সাদেকপুর গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলের।
মামলার অভিযোগ, গত ২১ সেপ্টেম্বর ভৈরব পৌর এলাকার দুর্জয় মোড়ে এসআই এসএম জালাল বিন আমির তার ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) চালক সাফায়েত হোসেনসহ আটক করে থানায় নিয়ে যান এবং একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠান।
জামিনে মুক্তি পেয়ে চালক সাফায়েত গাড়িটি ফেরত পাওয়ার জন্য আদালতে আবেদন করলে বিচারক গাড়ির মালিকানার ব্যাপারে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য ওসি ও এসআইকে নির্দেশ দেন বলে মামলায় বলা হয়।
“কিন্তু নির্ধারিত তারিখে প্রতিবেদন না দিয়ে ওসি মোখলেছুর রহমান ও এসআই জালাল বিন আমির বাদী রফিকুল ইসলামকে থানায় ডেকে নিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। রফিকুল চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ওসি ও এসআই গাড়ি ফেরতসহ আদালতে প্রতিবেদন দাখিলে গড়িমসি চালিয়ে যান।”
এ অবস্থায় গত ১ ফেব্রুয়ারি ওসি ও এসআই চালক সাফায়েত হোসেনকে থানায় ডেকে নিয়ে মারধর করে সাদা কাগজে স্বাক্ষর নেন বলে অভিযোগ করা হয়েছে।
বাদী আরও অভিযোগ করেন যে, ওসি মোখলেছুর ও এসআই জালাল যোগসাজশে গাড়ি থেকে আনুমানিক পাঁচ লাখ টাকা মূল্যমানের যন্ত্রাংশ খুলে নিয়ে বিক্রি করাসহ গাড়িটি ভাংচুর করেছেন।
এ ব্যাপারে ওসি মোখলেছুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাদীকে চেনেন না এবং মামলটিকে সাজানো বলে দাবি করেন।
