শরীয়তপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে; যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর হান্নান জানান, উপজেলার লাউখোলা এলাকার আরাচণ্ডি গ্রামের একটি ধনিয়া ক্ষেত থেকে রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ঝর্ণা বেগম (২৮) ওই গ্রামের জীবন মিয়ার স্ত্রী।
আটককৃতরা হলেন- সুমন, বাবুল, ফয়সাল আহম্মেদ ও বাবু।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সকালে স্থানীয়রা ঝর্ণার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় জড়িত অভিযোগে বাবুল ও সুমনকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যে ফয়সাল ও বাবুকে আটক করা হয় বলে আব্দুর হান্নান জানান।
আটককৃতদের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, “ঝর্ণার স্বামী ঢাকায় থাকেন। এর মধ্যে সুমনের সঙ্গে ঝর্ণার প্রেমের সম্পর্ক হয়।শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাঠে বসে সুমন ও ঝর্ণা কথা বলছিলেন। এ সময় সুমনের বন্ধু বাবুলও তাদের সঙ্গে ছিলেন।
“এক পর্যায়ে বাবুলের সহায়তায় ঝর্ণাকে গলাটিপে হত্যা করেন সুমন। পরে তারা লাশ ধনিয়া ক্ষেতে ফেলে যায়।”
তিনি বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত বাকিদের ধরতে আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের মা আফিয়া বেগম জাজিরা থানায় একটি মামলা করেছেন।
আফিয়া বেগম বলেন, “আমার জামাই ঢাকায় কাজ করে। আমার মেয়ে দুটি সন্তান নিয়ে বাড়ি থাকে। শনিবার কে বা কারা তাকে হত্যা করে।”
