ভিডিও করে বারবার ধর্ষণ, ৩ কিশোরের স্বীকারোক্তি
রাঙামাটিতে এক মক্তবের ছাত্রীকে ধর্ষণের ভিডিও করে ভয় দেখিয়ে ফের ধর্ষণের অভিযোগে তিন এসএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার তাদের আটক করা হয়। শুক্রবার বিকালে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সাবরীনা আলীর আদালতে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
বাঘাইছড়ি উপজেলার দুর্গম আমতলি এলাকায় গত ৪ নভেম্বর ১৩ বছর বয়সী ওই ছাত্রীকে প্রথম ধর্ষণ করে এবং তার ভিডিও ধারণ করে এই তিন ছাত্র। পরে ধর্ষণের ওই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে আরও কয়েকবার ধর্ষণ করে বলে তারা স্বীকারোক্তিতে জানায়।
এ তিন কিশোরে বয়স ১৮ বছরের মধ্যে। তারা আমতলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী বলে আমতলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল চৌধুরী জানিয়েছেন।
বাঘাইছড়ি থানার ওসি মো. জাহাঙ্গীর জানান, আটক তিনজনই আমতলি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। এরা ২০১৭ সালের ৪ নভেম্বর স্থানীয় একটি মক্তবের এক কিশোরী শিক্ষার্থীকে বাড়ি ফেরার পথে আটকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ এবং এর ভিডিও ধারণ করে।
“পরে তারা এটি প্রচারের ভয় দেখিয়ে তিনজনে মিলে আরও দুইবার মেয়েটিকে ধর্ষণ করে এবং প্রতিবারই ভিডিও ধারণ করে।”
ওসি বলেন, এক পর্যায়ে এটি এলাকায় জানাজানি হলে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা এদের আটক করে পুলিশে খবর দেয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ওই ছাত্রীর বড় ভাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বোনের উপর যে বর্বরতা হয়েছে আমি তার বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
