কেরাণীগঞ্জে নির্মাণ শ্রমিক নিহত
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলায় নির্মাণকাজের সময় ‘পাইলিং সরঞ্জামের আঘাতে’ এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, কেরাণীগঞ্জ উপজেলার হাসনাবাদ সিকদার বাড়ির মাঠ এলাকায় শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের বয়স আনুমানিক ২৫ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।
এসআই বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাইলিংয়ের একটি সরঞ্জামের আঘাতে আহত হলে ওই শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান।”
তবে কোন সরঞ্জামের আঘাতে ওই শ্রমিক আহনত হন সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই জাবেদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ভবন নির্মাণের জন্য খোলা জায়গায় পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। তার সহকর্মীরা কেউ স্বীকার করেননি কিভাবে তিনি আঘাত পেয়ে মারা গেছেন। অন্য শ্রমিকরা তার পরিচয়ও বলতে পারেনি।”
পুলিশ ঘটনা তদন্ত করছে বলে তিনি জানান।
