গাজীপুরের কারখানায় শ্রমিক হত্যার অভিযোগ
গাজীপুরের চান্দুনায় ঝিনুক কারখানায় এক শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত শাহীন আলম (১৮) কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বরুহা গ্রামের মঞ্জিল মড়লের ছেলে।
শাহীনের বড় ভাই খাদেমুল ইসলাম বলেন, শাহীনকে মঙ্গলবার রাতে চান্দুনা মোড়ে ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সরকারবাড়ি এলাকার ঝিনুকের সামগ্রী তৈরির কারখানার ভেতরে হত্যা করা হয়েছে।
“শাহীনের গলায় কালো দাগ ও পেটে কাটা রক্তাক্ত দাগ দেখা গেছে। কারখানার মালিক আল-আমি বলছেন শাহীন ছাদ থেকে পড়ে মারা গেছে। কিন্তু তাকে কোনো হাসপাতালে নেওয়া হয়নি।”
আল-আমিন ও নিহত শাহীনের বাড়ি একই গ্রামে জানিয়ে খাদেমুল বলেন, পরে আল-আমিন নিজেই অ্যাম্বুলেন্সে করে লাশ বাড়ি নিয়ে আসেন।”
শাহীনের স্বজনরা হত্যাকাণ্ড দাবি করে বিচার চেয়েছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জের তাড়াইল থানার ওসি মিজানুজ্জামান বলেন, শাহীনের ভাই খাদেমুল থানায় জিডি করার পর পুলিশ গিয়ে লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করে। মামলা করতে চাইলে ঘটনাস্থল হিসেবে গাজীপুর থানায় যেতে হবে।
