২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে তিন দিন আগে ঝিনাইদহ থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2018, 10:07 AM

Updated : 19 Aug 2022, 01:32 PM

নিহত তৌহিদুল ইসলাম (৩৮) ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মথুরাপুর গ্রামের ইসমাইল হোসেন মোল্লার ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গা এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলির মধ্যে তিনি নিহত বলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মো. রতন শেখের ভাষ্য।

তিনি বলছেন, সড়কে গাছের সঙ্গে দড়ি বেঁধে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশের একটি দল সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মহিষাডাঙ্গায় অভিযানে যায়।

 “পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যকে পাওয়া যায়।”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে

কুষ্টিয়া শহরের পদ্মা প্রিন্টর্সের মালিক শহিদুল ইসলাম মর্গে এসে লাশ দেখে জানান, নিহত ওই ব্যক্তি তার ছোট ভাই তৌহিদুল ইসলাম।

শহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাই শৈলকূপায় ছোটোখাটো ব্যবসা করতেন। তিন দিন আগে একদল লোক বাড়িতে গিয়ে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাকে নিয়ে যায়।

“কিন্তু পরে যখন যোগাযোগ করলাম, ডিবি পুলিশ গ্রেপ্তারের কথা অস্বীকার করল। তিন দিন ওর কোনো খোঁজ পাচ্ছিলাম না।”

এ বিষয়ে জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলামকে ফোন করা হলেও তিনি ধরেননি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ বলছেন, বৃহস্পতিবার রাতের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এস আই মো. রাশেদুল ইসলাম, কনস্টেবল মো. আহাদুল ইসলাম এ ঘটনায় আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি বন্দুক, গাছ কাটার একটি করাত ও মোটা দড়ি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।