নরসিংদীতে ডাকাতির অভিযোগে ৪ পুলিশ গ্রেপ্তার
নরসিংদীতে এক প্রবাসীর গাড়িতে ডাকাতির অভিযোগে চার পুলিশসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া ডাকাতি হওয়া মালপত্র উদ্ধার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার সারারাত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চার পুলিশ সদস্য হলেন - রায়পুরা থানার এসআই সাখাওয়াত হোসেন, আজহারুল ইসলাম, কনস্টেবল মাইনুল ইসলাম ও সাইদুল ইসলাম।
অন্য তিনজন হলেন নুরুজ্জামান, সাদেক মিয়া ও নূর মোহাম্মদ।
ওসি সাইদুর বলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. সোহেল শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় এই ডাকাতির শিকার হন। পরে তার আত্মীয় শাহজাহান অভিযোগ দিলে গোয়েন্দা পুলিশ অভিযানে নামে।
শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, মালয়েশিয়া থেকে ফিরে শুক্রবার এয়ারপোর্টে নামেন আবদুল্লাহ। একটি মাইক্রোবাস ভাড়া করে স্বজন আব্দুল্লাহসহ বাড়ি ফিরছিলেন। পথে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিএল ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার জন্য চালক মাইক্রোবাস থামান।
“এ সময় অপর একটি মাইক্রোবাসে করে এসে চার পুলিশ চেক করার কথা বলে গাড়িতে ওঠে। তারা সোহেলের মালপত্র ও টাকাপয়সা লুট করে শহরের পুরানপাড়া এলাকায় নামিয়ে দিলে মাইক্রোবাসটি চলে যায়।”
পরে শাহজাহান জেলা গোয়েন্দা পুলিশে লিখিত অভিযোগ দেন বলে জানান।
ওসি সাইদুর বলেন, ফিলিং স্টেশনের সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সত্যতা যাচাই করা হয়। পরে রায়পুরা থানার চার পুলিশসহ সাতজনকে চিহ্নিত করা হয়।
“গোয়েন্দা পুলিশ সারারাত অভিযান চালিয়ে ডাকাতিতে ব্যবহৃত গাড়ি, লুট হওয়া ১০০ গ্রাম ওজনের সোনার বার, ২৯ হাজার ২৫৫ টাকা উদ্ধার করে।”
এ ঘটনায় শাহজাহান বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন বলে তিনি জানান।
