২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে আ. লীগের ৩ নেতাকর্মীকে ‘কুপিয়ে আহত’

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 11:22 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তিন কুনিয়ায় একটি দোকানে বসে চা পান করার সময় তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়।

বিলাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃণাল কান্তি তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জব্বার কার্বারি ও জয় চান কার্বারিকে কুপিয়ে আহত করা হয় জানিয়ে তিনি বলেন, তাদের বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার রাঙামাটি শহরে সচেতন নাগরিক কমিটি আয়োজিত অবৈধ অস্ত্র, সন্ত্রাসও চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশে অংশ নেওয়ায় জেএসএস তাদের ওপর এই হামলা চালায় বলে সাইদুর রহমানের অভিযোগ।

তবে জেএসএসের মুখপাত্র সজীব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেছেন, “জেএসএস এসব কাজ করে না। আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব অপপ্রচার চালানো হচ্ছে।”

বিলাইছড়ি থানার ওসি নাছির উদ্দিন তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানালেও এ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারেননি।

এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি বলে তিনি জানান।