যশোরে যুবককে ছুরি মেরে খুন
যশোরে এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
সোমবার বেলা পৌনে ৩টার দিকে শহরের রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতয়ালি থানার এসআই অরুণ কুমার জানান।
নিহত রানা হোসেন (২৫) রেলগেইট রায়পাড়ার মাসুদ হোসেনের ছেলে।
রানা সন্ত্রাসী, তার বিরুদ্ধে থানায় ৮/১০টি মামলা রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, বেলা পৌনে ৩টার দিকে বাড়ি থেকে বেরিয়ে রেলগেটে যায় রানা। সেখানে পঙ্গু হাসপাতালের পেছনের বাসিন্দা ডলার ও বাবু তাকে এলোপাতাড়ি ছুরি মেরে পালিয়ে যায়।
“এক অটোরিকশা চালক তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।”
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক ইউসুফ আলী বলেন, রানা নামে ওই যুবকের দুই পায়ে এবং বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
এসআই অরুণ বলেন, “কারা কী কারণে রানাকে ছুরি মেরে হত্যা করেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
