২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিএনপির ৩৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গাজীপুরে বিএনপির কর্মীসভায় লাঠিপেটার পর ৩৪৭ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 06:00 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

গাজীপুরে বিএনপির নেতা-কর্মীদের পুলিশের লাঠিপেটা

এসআই মো. আর্সাদ মিয়া বাদী হয়ে রোববার রাতে মামলাটি করেন বলে জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য জয়নাল আবেদিন ফারুক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনসহ ১৪৭ জনের নামোল্লেখ করে দায়ের মামলায় সভায় গোলযোগ ও সংঘর্ষের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া অজ্ঞাত ১৫০-২০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

ওসি আমিনুল বলেন, রোববার দুপুরে বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-ধাওয়ি, মারামারি এবং রাস্তায় চলাচলরত একাধিক যানবাহন ও দোকান-পাট ভাংচুরের ঘটনা ঘটে।

“এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উদ্দেশ্যে ইটপাকটেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১৭ জনকে গ্রেপ্তার এবং হকিস্টিক, লাঠি ও ইট জব্দ করে।”

তবে কর্মীসভায় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি দাবি করে ফজলুল হক মিলন বলেন, নিজেদের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি। সভা শেষে বের হওয়ার সময় পুলিশ নেতামকর্মীদের লাঠিপেটা করে।

“ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত এ ধরনের মামলা করে সরকার গণতন্ত্রকামী মানুষের স্রোতকে ঠেকাতে পারবে না।”