২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিএনপির নেতা-কর্মীদের পুলিশের লাঠিপেটা

গাজীপুর শহরের বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 07:17 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

রোববার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে কর্মীসভা শেষে বের হওয়ার সময় পুলিশ আকস্মিক লাঠিপেটা করে বলে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. মাজহারুল আলম জানান।

এ সময় পুলিশ বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজজন নেতাকর্মীকে আটক করেছে।

আহতদের মধ্যে জেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক মো. নাহিন আহমেদ মমতাজী (৪৫), শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাইফুল ইসলাম মোল্লাহ (২৮), গাজীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জেলা ছাত্রদল কর্মী ফারুক আহমদ (২৭), এরশাদ সরকার (২৫), মো. কবির (২৮) ও দীপুর (২৫) নাম জানা গেছে।

আটকদের মধ্যে রয়েছেন গাজীপুর সদর থানা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও মো. সোলায়মান খান, কেন্দ্রীয় ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী সুলতান শাহজাহান জুয়েল, ছাত্রদল কর্মী ফারুক (২৭), এরশাদ সরকার (২৫), কবির হোসেন (২৮) ও দীপু (২৫)।

মাজহারুল আলম বলেন, শহরের মধ্য ছায়াবিথী ট্রাস্ট কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির যৌথ কর্মীসভা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. জয়নুল আবদীন ফারুক।

“সভা চলার সময়ই পুলিশ পুরো কমিউনিটি সেন্টার ঘিরে ফেলে। সভা শেষে প্রধান ফটক দিয়ে নেতা-কর্মীরা বের হওয়ার সময় পুলিশ আচমকা তাদের উপর লাঠিপেটা করে।”

এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে আদালতে সম্ভাব্য রায়কে ঘিরে দলীয় নেতা-কর্মীরা যখন সংগঠিত হচ্ছিল, তখন তাদের দমিয়ে দিতে ও প্যানিক সৃষ্টি করার জন্যই পুলিশ এই হামলা করেছে।

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ বলেন, বিএনপি অনুমোদন ছাড়াই ওই কর্মীসভা আয়োজন করে। পরে সেখানে অভ্যন্তরীণ কোন্দলের জেরে নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ গিয়ে আইনানুগ ব্যবস্থা নিয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। 

অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘর্ষের বিষয়টি অস্বীকার করে গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন বলেন, সেখানে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কোনো কোন্দল হয়নি।

“পুলিশ তাদের ন্যক্কারজনক ঘটনা আড়াল করতেই এমন বক্তব্য দিচ্ছে।”