২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাহাড়কে অশান্ত করার ষড়যন্ত্র হচ্ছে’

একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে রাঙামাটির এক সন্ত্রাসবিরোধী সমাবেশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 09:29 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক দীপংকর তালুকদারের নেতৃত্বে রোববার একটি বিশাল বিক্ষোভ মিছিল রাঙামাটি শহরের পৌর চত্বর থেকে শুরু হয়ে নিউ মার্কেটে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সচেতন নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে জেলা শহরের ব্যবসায়ী, দোকান কর্মচারী, পরিবহন মালিক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানুষ সমাবেশে উপস্থিত হয়। এ সময় উপস্থিত জনতা সন্তু লারমা, ঊষাতন তালুকদারসহ পাহাড়ের আঞ্চলিক দল ও তাদের নেতাদের বিরুদ্ধে শ্লোগান দেয়।

সমাবেশে দীপংকর তালুকদার বলেন, “একাত্তরে পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের স্বজনরা এখনও পার্বত্য চট্টগ্রামে সক্রিয় আছে। তারাই পাকিস্তানি আইএসআই-এর সাথে মিলে পাহাড়কে অশান্ত ও অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।”

“অবৈধ অস্ত্রধারীরা শুধু চাঁদাবাজি নয়, অস্ত্রবাজি নয়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে স্বাধীন জুম্মল্যান্ডের, পতাকা কী হবে, মুদ্রা কী হবে, এগুলো অত্যন্ত স্পর্শকাতর।”

এসব বিষয়ে তিনি আইনশৃংখলা বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখার এবং যারা এমন দেশবিরোধী কর্মকাণ্ড করছে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

দীপংকর তালুকদার আরও বলেন, যারা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালির সহবস্থান চান না, তারা ইচ্ছে করলে এই দেশ ছেড়ে চলে যেতে পারেন।

তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে পার্বত্যবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সৈয়দ, বাস লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম, আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর, রিজার্ভবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হেলালউদ্দিন, তবলছড়ি ব্যবসায়ী সমিতির নেতা মামুনুর রশীদ, কাপ্তাই ব্যবসায়ী সমিতির সভাপতি অংসুই প্রু মারমা, মারমা সাংষ্কৃতিক সংস্থার উপদেষ্টা রাসেল মার্মা প্রমুখ।