যুবলীগের সংঘর্ষের পর ঈশ্বরগঞ্জে ১৪৪ ধারা
ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ উপজেলায় এক যুবলীগ নেতার সংবর্ধনাকে কেন্দ্র করে সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শারমিন জানান, রোববার বেলা সাড়ে ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ঈশ্বরগঞ্জ পৌরশহরে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল খায়েরকে সংবর্ধনা দেওয়া নিয়ে বেলা ১১টার দিকে তার অনুসারীদের সঙ্গে সাবেক আহ্বায়ক মতিউর রহমান মতির কর্মীদের সংঘর্ষ বাঁধে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি তারিকুল ইসলাম বাবুল, সদর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক তারা মিয়া, ছাত্রলীগ নেতা তুষার ও আকবর আলী নামে এক পথচারীকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
যুবলীগের নব গঠিত কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আবুল খায়েরকে সংবর্ধনা দেওয়ার জন্য তারা স্মৃতিসোধ প্রাঙ্গণে মঞ্চ তৈরি করেছিলেন। বেলা ১১টায় ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে মতিউর রহমান বলেন, “টাকার বিনিময়ে এ কমিটি করা হয়েছে।আমরা এ কমিটি মানি না।তাই আবুল খায়েরকে সংবর্ধনা দেওয়ার জন্য তৈরি মঞ্চ আমরা ভেঙে দিয়েছি।”
ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
