২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৃষ্টি প্রতিবন্ধী সেজে নিয়োগ পরীক্ষা, ৩ জনের কারাদণ্ড

দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে সরকারি চাকরিতে নিয়োগে পরীক্ষা দিতে গিয়ে দুই সহযোগীসহ এক ব্যক্তি দণ্ডিত হয়েছেন ভ্রাম্যমাণ আদালতে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2018, 08:20 PM

Updated : 19 Aug 2022, 01:29 PM

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্তকর্তা আবু সুফিয়ানের ভ্রাম্যমাণ আদালত শুক্রবার এ সাজা দেন।  

সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে নিয়োগ পরীক্ষা চলাকালে মাগুরা শহরের স্টেডিয়াম পাড়া  বালিকা মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডিতরা হলেন মাগুরা সদরের আবালপুরের সাহেব আলী, একই গ্রামের সাফায়াত হোসেন এবং জেলা শহরের পুলিশ লাইন পাড়ার শিমুল হোসেন।

এদের  মধ্যে সাহেব আলীকে দুই মাস ও অপর দুইজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও আবু সুফিয়ান জানান, সাহেব আলী সরকারি একটি খামার একটি প্রকল্পে মাঠ সহকারী পদের একজন আবেদনকারী।

“তিনি নিজেকে সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী পরিচয় দিয়ে পরীক্ষা দিতে সাফায়াত হোসেনকে শ্রুতিলেখক মনোনীত করেন।”

ইউএনও বলেন, সরকারি নিয়মানুযায়ী যে যোগ্যতার পরীক্ষা হয় তার চেয়ে কম যোগ্যতার শিক্ষার্থীকে শ্রুতিলেখক হিসেবে মনোনয়ন দিতে হয়। কিন্তু ‘প্রতারক’ সাহেব আলী এক্ষেত্রে সাফায়াতকে পাবনা জেলার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র দেখিয়ে সনদ জমা দেন।

“কিন্তু আসলে সাফায়াত মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী  কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র। এছাড়া সাহেব আলী দৃষ্টি প্রতিবন্ধী নন। তিনি দেখতে পান।”

ইউএনও আরও বলেন, পরীক্ষা দেওয়ার সময় দায়িত্বরতদের কাছে প্রতারণার বিষয়টি ধরা পড়লে মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমানকে তারা এটি জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে তদন্তকালে সাহেব আলী ও সাফায়েত তাদের দোষ স্বীকার করেন।

“এর প্রেক্ষিতে তাদের দুজনসহ এ কাজে সহযোগিতার অভিযোগে শিমুলকেও কারাদণ্ড দেওয়া হয়।”