২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের মিছিল ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে ছাত্রলীগ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 04:22 PM

Updated : 19 Aug 2022, 01:29 PM

বুধবার দুপুরে রাজশাহী নিউ ডিগ্রি গভর্মেন্ট কলেজে এ ঘটনা ঘটে বলে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান।

এ সময় তৌফিক হোসেন তন্ময় নামে ছাত্রদলের কর্মীকে ধরে পিটিয়ে জখম করে ছাত্রলীগ কর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তন্ময়কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বাইরে থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়।

“পরে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। এ সময় ছাত্রলীগ কর্মীরা তন্ময়কে ধরে সামান্য মারপিট করেছে।”

পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজশাহীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।

“কিন্তু নিউ ডিগ্রি কলেজের বিনা উস্কানিতে ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিলে বাধা দিয়ে ধাওয়া দেয় এবং নেতাকর্মীদের মারধর করে।”

এ বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম বাপ্পি বলেন, কলেজে পরীক্ষা চলায় ক্যাম্পাসে মিছিল করতে তাদের নিষেধ করা হয়। কিন্তু তারা না শুনে মিছিল করতে থাকলে ধাওয়া দিয়ে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে।