২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিনামূল্যের বইয়ে দুর্নীতি: শিক্ষা কর্মকর্তাকে বদলি

গাজীপুরে বিনামূল্যের বই বিতরণে টাকা নেওয়ার ঘটনায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিককে টেকনাফ বদলি করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 10:30 AM

Updated : 19 Aug 2022, 01:29 PM

বৃহস্পতিবার গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা এ কথা জানান।

আনন্দময় মুন্সিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে গত বছরের ২৫ মে গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন ।

সরকারের বিনামূল্যের বই বিতরণে গাজীপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠে।

এ নিয়ে গত ২৯ ডিসেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশিত হয়।

ঘটনার পর কয়েকটি কিন্ডারগার্টেনের শিক্ষকরা বিক্ষোভ করলে বিষয়টি তদন্তে কমিটি গঠন করে জেলা প্রশাসন। গত ১ জানুয়ারি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিককে বদলি সুপরিশ করেছিল তদন্ত কমিটি।

শিক্ষা কর্মকর্তা সুলতানা বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিককে টেকনাফ বদলি করা হয়েছে।

এ চিঠিতে তাকে গাজীপুর থেকে ২৫ জানুয়ারির মধ্যে টেকনাফে কাজে যোগ দিতে বলা হয়েছে – জানান তিনি।

পুরনো খবর:

বিনামূল্যের বইয়ে দুর্নীতি: শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহারের সুপারিশ
গাজীপুরে বিনামূল্যের বইয়ে কিন্ডারগার্টেন সমিতির ‘ব্যবসা’