২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যের বইয়ে দুর্নীতি: শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহারের সুপারিশ

গাজীপুরে বিনামূল্যের বই বিতরণে ‘টাকা নেওয়ার’ ঘটনায়  সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলির সুপরিশ করেছে তদন্ত কমিটি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 10:02 PM

Updated : 08 Apr 2022, 05:39 PM

সোমবার গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এ কথা জানান।

সরকারের বিনামূল্যের বই বিতরণে গাজীপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠে।

এ ঘটনায় কয়েকটি কিন্ডারগার্টেনের শিক্ষকরা বিক্ষোভ করার পর বিষয়টি তদন্তে বৃহস্পতিবার একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন।

এ নিয়ে গত ২৯ ডিসেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশিত হয়।

জেলা প্রশাসক বলেন, “সোমবার তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনে গাজীপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিককে প্রত্যাহারসহ বিভাগীয় শাস্তির ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।”

মঙ্গলবার ওই সুপারিশসহ প্রতিবেদনটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তিনি।