২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিনামূল্যের বইয়ে কিন্ডারগার্টেন সমিতির ‘ব্যবসা’

সরকারের বিনামূল্যের বই বিতরণে গাজীপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2017, 06:40 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

এ ঘটনায় কয়েকটি কিন্ডারগার্টেনের শিক্ষকরা বিক্ষোভ করার পর বিষয়টি তদন্তে বৃহস্পতিবার একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

কিন্ডারগার্টেনের ক্ষুব্ধ কয়েকজন শিক্ষক জানান, বিনামূল্যের সরকারি বই সংগ্রহের জন্য নিয়ম অনুযায়ী ২০১৭ সালের মার্চ এপ্রিলে তারা চাহিদাপত্র জমা দিয়েছেন সদর উপজেলা শিক্ষা অফিসে।

এরপর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন গাজীপুর সিটির সকল কিন্ডারগার্টেন প্রধানদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ৫৭টি ওয়ার্ডে ৫৭ জন প্রতিনিধি বাছাই করে তাদের মাধ্যমে অ্যাসোসিয়েশনের সদস্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে বই সরবরাহের জন্য আগে টাকা আদায়ের সিদ্ধান্ত হয়।

ঢাকা থেকে গাজীপুরে বই পরিবহন ও শ্রমিকের খরচ বাবদ এই টাকা আদায়ের কথা সভায় বলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গুদামে বই নিতে গিয়ে টাকা না দেওয়ায় অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধি বই পাননি।

এ সময় তারা বিক্ষোভ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

গাজীপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আনন্দ কুমার ভৌমিক সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার দুপুরে গুদাম থেকে শিক্ষকদের বই বিতরণকালে তিনি বাইরে একটি অনুষ্ঠানে ছিলেন। হট্টোগেলের খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

“যারা বই পায়নি তাদের তাৎক্ষণিক বই দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখনও যারা পায়নি রোববার তাদের বই দেওয়া হবে।”

তবে বইয়ের জন্য টাকা আদায়ের কথা জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে বলেন, ওইদিনের হট্টগোলের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

এদিকে বিষয়টি তদন্তে জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছেন।

গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির জানান, ঘটনাটি তদন্তে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. ইয়াসির আরেফিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

অপর দুই সদস্য হলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা ও সহকারী কমিশনার (শিক্ষা) ফারজানা নাসরিন।

সোমবারের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসাসিয়েশনের যুগ্ম সম্পাদক মো. শাহীন পারভেজ জানান, গত মার্চ-এপ্রিলে উপজেলা শিক্ষা অফিসে জেলার প্রায় আটশ কিন্ডারগার্টেন তাদের প্রয়োজনীয় বইয়ের চাহিদাপত্র জমা দেয়।

“পরে গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কুমার ভৌমিকের পরামর্শে গাজীপুর জেলা কিন্ডারগার্টেন (কেজি) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাসুদুর রহমান ও কয়েকজন কর্মকর্তা সকল কিন্ডারগার্টেনের প্রধানদের ডেকে বৈঠক করেন।”

পারভেজ বলেন, বৈঠকে গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডে ৫৭ জন প্রতিনিধি বাছাই করে তাদের মাধ্যমে ওইসকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বই সরবরাহের জন্য টাকা আদায়ের সিদ্ধান্ত হয়। ঢাকা থেকে গাজীপুরে বই পরিবহন ও শ্রমিকের খরচের জন্য এই টাকা আদায়ের কথা সভায় বলা হয়।

“টাকা সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় অ্যাসোসিয়েশনের কর্মী মো. আবু তাহেরকে।”

পারভেজ বলেন, সে অনুযায়ী প্রতিনিধিরা সকল কিন্ডারগার্টেন থেকে প্রথম কিস্তি বই সরবরাহের সময় ৬০০ টাকা, দ্বিতীয় কিস্তির সময় ১০০ টাকা করে আবু তাহেরের কাছে জমা দেন।

“এরপর গত বৃহস্পতিবার জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গুদাম থেকে শিক্ষকরা তৃতীয় কিস্তির বই আনতে গেলে আবু তাহের তাদের কাছ থেকে নবম শ্রেণিসহ পূর্ণসেট বই সরবরাহের কথা বলে আরও ১২০০ থেকে ক্ষেত্রবিশেষে ৩০০০ টাকা পর্যন্ত আদায় করতে থাকেন।”

এ সময় কিছু শিক্ষক দাবিকৃত টাকা দিলেও অন্যরা টাকা না দিয়ে সেখানে বিক্ষোভ শুরু করেন। পরে খবর পেয়ে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কুমার ভৌমিক ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

টাকা আদায়ে ৩১ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি ধীরাশ্রমের পল্লীমা মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম বলেন, জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাসুদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তমতে গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডে ৫৭ জন প্রতিনিধির মাধ্যমে কিন্ডারগার্টেনগুলো থেকে বইয়ের জন্য টাকা তুলে আবু তাহেরের কাছে দিতে হয়েছে।

ধীরাশ্রমের রাহাপাড়ার মোহসীন ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান বলেন, সরকারের বিনামূল্যের বইয়ের জন্য টাকা নেওয়া সম্পূর্ণ অবৈধ। তারপরও বই প্রাপ্তির স্বার্থে দুই কিস্তিতে তার ওয়ার্ডের প্রতিনিধির কাছে সাতশ টাকা দিয়েছেন তিনি।

“তৃতীয় কিস্তির বইয়ের জন্য দাবিকৃত টাকা না দেওয়ায় আগের জমা দেওয়া চাহিদাপত্র গায়েব হয়ে গেছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানোর পর নতুন ফরম পূরণ করলে আমাকে আংশিক বই দেওয়া হয়।”

সদর উপজেলার শিরিরচালার মায়া একাডেমির সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার তার স্কুলের শিক্ষার্থীদের ১২ সেট বইয়ের জন্য আবু তাহের তার কাছে দুই হাজার টাকা দাবি করেন। তার সঙ্গে ওই পরিমাণ টাকা না থাকায় তিনি স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে কর্তৃপক্ষ বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা পাঠায়, যা আবু তাহেরকে দেওয়া হয়েছে। ওই টাকা দেওয়ার আগে পর্যন্ত তাদের বই সরবরাহ করা হয়নি।

গাজীপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাসুদুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “আবু তাহের আমার কোনো সহকর্মী নয়। সে যদি তাদের নাম করে টাকা আদায় করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর থেকে আবু তাহের পলিয়ে থাকায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।