২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাকরি করতে চাওয়ায়’ যশোরে স্ত্রীকে এসিড নিক্ষেপ

যশোরের মনিরামপুরে চাকরি করতে চাওয়ায় স্ত্রীকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 12:04 AM

Updated : 19 Aug 2022, 01:29 PM

দগ্ধ রাজিয়া সুলতানা উপজেলার বাঙ্গালীপুর গ্রামের মোটরসাইকেল চালক কামরুজ্জামানের স্ত্রী।

রাজিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি মাস্টার্স পাস করার পর স্বামীর নিষেধ সত্ত্বেও চাকরি খুঁজছিলেন। এ কারণে দাম্পত্য কলহ শুরু হয়।

“বুধবার ভোরে ঘুম থেকে উঠতেই সে আমার মুখে এসিড ছুড়ে মেরে পালিয়ে যায়।”

রাজিয়াকে যশোর সদর হাসপাতালে ভর্তির পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করেছেন এখানকার চিকিৎসক নজরুল ইসলাম।

তিনি বলেন, “রাজিয়ার মুখে এসিডজাতীয় দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়েছে। মুখ ও চোখ ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এখনও থানায় অভিযোগ দেওয়া হয়নি।

মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে যান।

“খোঁজ নিয়ে জানতে পেরেছি আক্রান্ত গৃহবধূ এক সন্তানের জননী। স্বামী-স্ত্রীর বিবাদের জেরে তার মুখমণ্ডল এসিডে ঝলসে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী কামরুজ্জামান পলাতক।”

অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।