২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সাফারি পার্কে ইমু পরিবারে নতুন অতিথি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ইমু পরিবারে একটি ডিম ফুটে ছানা বেরিয়েছে। এ পার্কে এমুর ডিম ফোটার ঘটনা এটাই প্রথম।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 06:31 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

পার্কের বন্য প্রাণী পরিদর্শক আনিসুর রহমান জানান, বুধবার সকালে ইমুর পাঁচটি ডিমের মধ্যে একটি ফুটে এর জন্ম হয়।

২০১৩ সালে পার্কটি প্রতিষ্ঠার সময় দক্ষিণ আফ্রিকা থেকে দুটি মাদী ও একটি মর্দা ইমু আনে কর্তৃপক্ষ।

পরিদর্শক আনিসুর বলেন, প্রায় চার বছর লালন-পালনের পর একটি ইমু পাঁচটি ডিম দেয়। পুরুষ এমুটি ডিমে তা দেয় প্রায় আট সপ্তাহ। বুধবার সকালে একটি ডিম ফুটে ছানা বের হয়। আরেকটি ডিম নষ্ট হয়ে গেছে। বাকি তিনটি ডিম ফুটে ছানা বের হবে বলে আশা করা হচ্ছে।

“ইমু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি। এরা অস্ট্রেলিয়ার জাতীয় পাখি। বন্য পরিবেশে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে এদের সবচেয়ে বেশি দেখা যায়। সমতল তৃণভূমি বা খোলামেলা বনজঙ্গলে বাস করে। এরা যাযাবর শ্রেণির অন্তর্ভুক্ত।”

এমু উড়তে পারে না জানিয়ে তিনি বলেন, এরা ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার দৌড়াতে পারে। এরা দক্ষ সাতারুও বটে।

“ইমু খুব শান্তশিষ্ট ও উৎসুক পাখি। উটপাখির মত পা দিয়ে আত্মরক্ষা করে। পায়ে আছে ধারালো নখওয়ালা তিনটি আঙল। এদের শরীর বাদামি রঙের পালকে ঢাকা। দুই মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। সর্বোচ্চ ওজন হয় ৬০ কেজি। ডিম দেওয়ার সময় বাসা বাঁধে। মা ইমু ডিম দেওয়ার পর পুরুষ ইমু তাতে তা দেয় ৫০ থেকে ৫৪ দিন। এ সময় এরা ডিম ছেড়ে কোথাও যায় না।”

এমু প্রায় সর্বভুক প্রাণী জানিয়ে তিনি বলেন, এদের প্রধান খাবার গাছপালা, ফলমূল ও পোকামাকড়।

নতুন পরিবেশে ইমুর ডিম থেকে বাচ্চা হওয়া নিয়ে আগে সংশয় থাকলেও এখন সবাই আশাবাদী বলে তিনি জানান।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, “একটি ডিম ফুটে বাচ্চা হওয়ায় আশার সঞ্চার হয়েছে। আশা করছি বাকি ডিমগুলো থেকেও ছানা আসবে।”