২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষ, আহত ১১

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 06:26 PM

Updated : 08 Apr 2022, 05:47 PM

হামিদ হলে মঙ্গলবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান অপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে মতিহার থানার ওসি মেহেদি হাসান জানান।

আহতদের মধ্যে রুয়েট ছাত্রলীগের সহ সভাপতি বাপ্পি হোসেন, রিপন জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সাদি আহমেদ ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহাদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি বলেন, মদ খেয়ে মাতলামি করাকে কেন্দ্র করে সভাপতির সমর্থকদের সঙ্গে সাধারণ সম্পাদকের সমর্থকদের কথাকাটাকাটি হয়। এরএক পর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১১ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।

বুধবার দুপুর পর্যন্ত এ ব্যাপোরে থানায় কেউ অভিযোগ করেননি বলে জানান ওসি।

সভাপতি নাঈম বলেন, “৪/৫ জন নেশা করে হলে প্রবেশ করে ছাত্রলীগের ছেলেদের এলোপাথাড়ি মারধর শুরু করে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে সংঘর্ষের বিষয়টি অস্বীকার করে সাধারণ সম্পাদক অপু বলেন, “সেখানে কেউ মাতলামি করেনি। পূর্ব বিরোধের জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে।”

এ বিষয়ে রুয়েটের ছাত্র পরিচালক এম কামরুজ্জামান সরকার বলেন, “গভীর রাতে হামিদ হলের ঘটনাটি দুঃখজনক। বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে।”

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।