আদালতের নির্দেশে কবর থেকে কিশোরীর লাশ উত্তোলন
মাগুরা সদরে মায়ের দায়ের করা মামলায় আদালতের নির্দেশে নয় মাস পর এক কিশোরীর লাশ কবর থেকে তোলা হয়েছে।
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরীর উপস্থিতিতে বুধবার দুপুরে মাগুরা পৌর কবরস্থান থেকে তাসনিম কলির (১৬) লাশ উত্তোলন করা হয়।
কলি মাগুরা শহরের কাউন্সিল পড়ার ইকবাল হোসেনের মেয়ে। স্থানীয় দুধমল্লিক বালিকা বিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে।
মাগুরা সদর থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, গত বছরের ৩ এপ্রিল কাউন্সিল পাড়ার ভাড়া বাসা থেকে কলির লাশ উদ্ধার করে পুলিশ। মা-বাবার আবেদনের প্রেক্ষিতে সে সময় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়।
সম্প্রতি ওই কিশোরীর মা হোসনে আরা বেগম ধর্ষণের পর হত্যার অভিযোগে মাগুরা সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চারজনের নামে মামলা করেন। এ প্রেক্ষিতে আদালত ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোনের আদেশ দেন বলে জানান তিনি।
মেয়েটির মা হোসনে আরা বেগম বলেন, ঘটনার দিন তার মেয়ে বাসায় একা ছিল।তিনি বাড়ি ফিরে মেয়ের লাশ দেখেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই স্থানীয় কয়েকজন তড়িঘড়ি করে তার মেয়ের লাশ দাফন করে।
ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া থাকলেও তার মেয়ের লাশ চেয়ারের ওপর বসা অবস্থায় পাওয়া গেছে বলে জানান তিনি।
হোসনে আরার অভিযোগ, তাদের বাসার কেয়ারটেকার আজাদ ও সবুজ নামে এক যুবক তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করেছে। এতে প্রতিবেশী বিউটি ও সুফিয়া তাদের সহযোগিতা করে।
এ কারণে তিনি কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত ও জড়িতদের শাস্তির দাবিতে মামলা করেন বলে জানান তিনি।
