যশোর রোডের গাছ কাটার পক্ষে মানববন্ধন বেনাপোলে
আদালতের জারি করা স্থিতাবস্থার মধ্যেই যশোর রোডের গাছ কাটার পক্ষে আন্দোলনে নেমেছে বেনাপোলের কয়েকটি ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন।
বেনাপোল শুল্কভবনের সামনে মঙ্গলবার মানববন্ধন ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছে তারা।
সকাল ৯টা থেকে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির পর বেলা ১১টার দিকে মানবন্ধন হয় সেখানে।
মানববন্ধন শেষে সিঅ্যান্ডএফ অ্যসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন বলেন, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় এ স্থল বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাকসহ ১০ হাজার যানবাহন চলাচল করে প্রতিদিন।
“এ রাস্তায় শত বছরের পুরনো গাছগুলো দিনে দিনে নষ্ট হয়ে গেছে। গাছগুলোর কারণে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনাও ঘটছে। যশোর-বেনাপোলের রাস্তা ছয় লেইন করা হলে যানবাহন চলাচলে সুবিধা হবে। এতে করে সরকার বেশি রাজস্ব আদায় করতে পারবে।”
অন্যদের মধ্যে ভারত-বাংলাদেশ বণিক সমিতির আমদানি-রপ্তানি উপ কমিটির সভাপতি মতিয়ার রহমান, বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম আনু এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান উপস্থিত ছিলেন এ কর্মসূচিতে।
জানুয়ারির শুরুতে যশোর জেলা প্রশাসনের এক বৈঠকে বেনাপোল স্থলবন্দর থেকে যশোর পর্যন্ত সড়ক চার লেইনে সম্প্রসারণে দুই পাশের কয়েক হাজার গাছ কেটে ফেলার সিদ্ধান্ত হয়। এরপর থেকেই সারা দেশে প্রতিবাদ ও সমালোচনা চলছে।
এক সময়ের পূর্ব বঙ্গ থেকে কলকাতা যাওয়ার প্রধান সড়ক যশোর রোডের দুই পাশে দুইশর বেশি গাছ রয়েছে, যেগুলোর বয়স দেড়শর বেশি।
গাছ কাটা ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের মধ্যে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক রিট আবেদনে হাই কোর্ট গত ১৮ জানুয়ারি ওই সড়কের গাছ কাটার ওপর ছয় মাসের স্থিতাবস্থা জারির নির্দেশ দেয়।
গাছ সংরক্ষণে প্রশাসনের ‘নিষ্ক্রিয়তা’ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং গাছগুলো সংরক্ষণের জন্য প্রকল্প সংশোধন করে মহাসড়ক চার লেইন করার নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সড়ক-মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী, যশোরের জেলা প্রশাসক, বেনাপোলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলেছে আদালত।
