নওগাঁয় ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার
নওগাঁর এক ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে; যিনি পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বদলগাছী উপজেলার মধুপুর গ্রামের একটি বাঁশঝাড়ে লাশটি পাওয়া যায় বলে বদলগাছী থানার ওসি জালাল উদ্দীন জানান।
নিহত আব্দুল খালেক (৫৫) উপজেলার দোনইল গ্রামের হুরমত আলীর ছেলে।
ওসি জালাল বলেন, সোমবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর খালেক নিখোঁজ হন। সকালে মধুপুর গ্রামের বাঁশঝাড়ে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
তাকে পূর্ব শক্রতার জেরে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
