২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় নিহত রবিনের লাশ নেয়নি পরিবার

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেছনে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে নিহত শেরপুরের নকলার কিশোর রবিনের লাশ নেয়নি তার পরিবার।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2018, 06:05 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

তার বড়ভাই গোলাম মোস্তফা রোববার ঢাকায় গিয়ে শনাক্ত করলেও লাশ না নিয়েই ফিরে এসেছেন।

নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় গ্রামের মৃত ফজর আলীর ছেলে রবিন মিয়া (১৪) ।তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট রবিন ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর বড় ভাই গোলাম মোস্তফার সঙ্গে চালের ব্যবসায় যুক্ত হয়।

সোমবার কুর্শাবাদাগৈড় গ্রামে রবিনদের ভাড়া বাড়িতে গেলে তার মা মালেকা খাতুন এ প্রতিনিধিকে বলেন, “দুপুরে ভাত খাইয়া বাড়িত থাইকা বাবা বাইর হইয়া গেছে। বাবা আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত।

“আমি ভাবছিলাম আমার বাবা ইস্টি বাড়িতে গেছে। তারপর ভাবছি ইজতেমায় গেছে।”

গোলাম মোস্তফা বলেন, গত ৭ জানুয়ারি দোকান থেকে বাড়িতে দুপুরের খাবার খেতে আসে রবিন। খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর পাওয়া যায়নি।

“এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২০ জানুয়ারি নকলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।”

তিনি বলেন, “পত্রিকায় প্রকাশিত নিহত দুই জঙ্গির একজনকে রবিনের মত মনে হওয়ায় র‌্যাবের সঙ্গে যোগাযোগ করে রোববার লাশ শনাক্ত করতে ঢাকা যাই। শনাক্ত করে রোববার রাতেই বাড়ি ফিরে এলেও লাশ আনিনি।”

ভাই এলাকায় জঙ্গি হিসেবে চিহ্নিত হওয়ায় স্থানীয়রা যদি দাফনে বাঁধা দেয় এই শঙ্কায় লাশ নেননি বলে জানান গোলাম মোস্তফা।

রবিনের আরেক বড় ভাই হাফেজ মাওলানা বলেন, “রবিন স্থানীয় শাহরিয়া মাদ্রাসায় কিছুদিন পড়ছে। পরে নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করছে। তাকে জঙ্গি বা খারাপ কাজে লিপ্ত হতে দেখিনি।”

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম বলেন, রবিন নিখোঁজ হওয়ার ব্যাপারে নকলা থানায় তার পরিবারে একটি জিডি করেছিল।

গত ১২ জানুয়ারি নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে তিনজন নিহত হয়। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি দুইজনের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য র‌্যাবের দেওয়া ছবি শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

ওই দুইজনের ছবির মধ্যে একজনের সঙ্গে রবিনের সাদৃশ্য পায় তার পরিবার। পরে রোববার ঢাকায় গিয়ে রবিনের লাশ শনাক্ত করে তার বড় ভাই গোলাম মোস্তফা।

পুরনো খবর:

নাখালপাড়ায় জঙ্গিদের আস্তানায় নিহত তৃতীয়জন নকলার কিশোর