সংবাদ সম্মেলনে আসছেন তাবলীগের মুরব্বিরা
মাওলানা সাদ কান্ধলভির প্রস্থানসহ তাবলীগের চলমান পরিস্থিতি নিয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংবাদ সম্মেলনের ঘোষণা এসেছে।
শনিবার বিশ্ব ইজতেমার মুরব্বি প্রকৌশলী মো. মাহফুজ এ কথা জানান।
তাবলিগ জামাতের নেতৃত্ব দিয়ে দিল্লির মারকাজ এবং দেওবন্দ মাদ্রাসার মধ্যে সম্প্রতি দ্বন্দ্ব দেখা দেয়, যার প্রভাবেই বাংলাদেশ তাবলিগ জামাতের মধ্যেও তৈরি হয় বিভক্তি।
এবারের বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের বিরোধীরা তার ঢাকা আগমনের সময় বিমানবন্দরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ইজতেমায় যোগ না দিয়ে পরে নিজ দেশ ভারতে ফেরত যান সাদ কান্ধলভি।
মুরব্বি মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ দুপুরে বিদেশি মেহমানদের তাঁবুতে মাওলানা সাদ ও তাবলীগের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ইজতেমা ময়দানের তিন নম্বর ফটকের পাশে হাজি সেলিম মিয়ার কামরায় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।”
মুফতি নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলেন জানান তিনি।
দুই মুসল্লির মৃত্যু
দ্বিতীয় পর্বের ইজতেমায় এসে শনিবার সকাল পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
টঙ্গী সরকারি হাসপাতালের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য পরিদর্শক চিত্তরঞ্জন দাস বলেন, বার্ধক্যজনিত কারণে রাত ১টার দিকে মুসল্লি মোবারক হোসেন ওরফে মোহর আলী (৬৫) ও শ্বাসকষ্টজনিত শনিবার সকাল সোয়া ৬টার দিকে শহীদুল ইসলামের (৫৬) মৃত্যু হয়েছে।
মোবারকের বাড়ি জামালপুরের ইসলামপুরে ও শহীদুলের বাড়ি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে।
প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা এক মালয়েশিয়ান ও আফ্রিকান নাগরিকসহ পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছিল।
