২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয় হবে সাংস্কৃতিক জোন: সংস্কৃতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সোনারগাঁয় বিদেশি পযর্টক আকৃষ্ট করতে সরকার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2018, 07:18 PM

Updated : 11 Oct 2022, 12:00 PM

রোববার সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প যাদুঘরে ‘মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব’ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, “সোনারগাঁকে সাংস্কৃতিক জোন হিসেবে তৈরি করা এবং বিদেশি পযর্টকদের আকৃষ্ট করতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।”

পানাম নগরীর ভবনগুলো পুনরুদ্ধার করা হবে। বিদের্শী পযর্টকদের সকল ধরনের সুযোগ সুবিধা ভবিষ্যতে গড়ে তোলা হবে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, নতুন প্রকল্প সরকারের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি লোক ও কারুশিল্পের নতুন যাদুঘর ভবন নির্মাণ করা হবে। 

এদেশের প্রাচীন সম্পদগুলোকে আরও আকর্ষণীয়ভাবে গড়ে তোলার প্রয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন, “আজকে পাহাড়পুর, শীতল পাটি, জামদানী, বাউল গান, মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো তালিকাভুক্ত হয়েছে। সারা বিশ্বের মানুষ এটি নিয়ে গবেষণা করছে। এটা একদিকে আমাদের গর্বের বিষয় অন্যদিকে আমাদের লজ্জার ব্যাপারও। তার কারণ আমরা আমাদের দেশের সম্পদকে মূল্যায়ন করতে পারেনি। আমাদের প্রাচীন ঐতিহ্যকে আমরা সম্মান করি না। অথচ বিদেশিরা তাদের দেশে আমাদের ঐতিহ্যকে তুলে ধরছেন।”

লোক ও কারুশিল্প যাদুঘর ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ জানান, রোববার শুরু হওয়া মাসব্যাপী এই মেলা চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৬০ জন কারুশিল্পী তাদের হাতে তৈরি পণ্য নিয়ে অংশ নিয়েছেন।

কারুশিল্পের ৩০টি, হস্তশিল্পের ৪৫টি, পোশাক ৪৫টি, প্রসাধন সামগ্রীর ৩৪টিসহ মোট ১৮০টি স্টল রয়েছে বলে তিনি জানান।

রবীন্দ্র গোপ জানান, এবারের মেলায় সিলেট ও মুন্সিগঞ্জ অঞ্চলের শীতল পাটি, নওগাঁ ও মাগুরার শোলা শিল্প, রাজশাহীর শখের হাড়ি ও মুখোস, ঢাকার শাখা শিল্প ও মৃৎশিল্প, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি, ঠাকুরগাঁয়ের বাঁশের কারুশিল্প, সোনারগাঁয়ের কাঠের চিত্রিত হাতি, ঘোড়া, পুতুল ও কাঠের কারুশিল্প, নকশি কাঁথা, বেতের কারুশিল্প, কুমিল্লার তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, রাঙামাটি-বান্দরবন ও  সিলেটের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটা মেলার স্টলে স্থান পেয়েছে।

এছাড়া থাকছে লোকজ নাটক, লোককাহিনি, যাত্রাপালা, বাউল গান, পালা গান, কবি গান, ভাওয়াইয়া ও ভাটিয়ালী, জারি গান, সারি গান, হাছন রাজার গান, লালন সংগীত, মুর্শিদী গান, পুঁতি পাঠ, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

গ্রামীণ খেলা, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো, লোকজ জীবন প্রদর্শনী, পিঠা প্রদর্শনীও থাকবে।

রবীন্দ্র গোপের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতিক বিষয়ক সচিব মো. ইব্রাহিম হোসেন খান, সাংসদ লিয়াকত হোসেন খোকা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান, সোনারগাঁ ইউএনও মো. শাহিনুর ইসলাম প্রমুখ।

এসময় জেলা ও উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সোনারতরী মঞ্চে বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মন্ত্রীসহ আগত অতিথিরা।