২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় শিল্পী নকুলের ২ সহকর্মী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাস দুর্ঘটনায় শিল্পী নকুল কুমার বিশ্বাসের দুই সহকর্মীর মৃত্যু হয়েছে; এতে আহত হয়েছেন আরও দুইজন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2018, 02:06 PM

Updated : 11 Oct 2022, 11:59 AM

ফরিদপুর হাইওয়ে থানার ওসি মো. এজাজুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার আজীমনগর ইউনিয়নের ব্রাক্ষণপাড়া এলাকায় ঢাকা- খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নকুল কুমারের সংগীত দলের সহশিল্পী অহিদউদ্দিন সুজাত (৩৮) ও মোশাররফ হোসেন (৩৭)।

ওসি এজাজুল বলেন, হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনের লাশ ও দুইজনকে আহত অবস্থায় দেখতে পায়।

“তারা বেনাপোল থেকে মাওয়া হয়ে ঢাকা যাচ্ছিলেন। মাইক্রোবাসটি ভাঙা দেখে ধারণা করা হচ্ছে, ঘন কুশায়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খেয়েছে।”

তাদের সঙ্গে নকুল কুমার ছিলেন না বলে তিনি জানান।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত দীপক ও নিমাইকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আহতদের মধ্যে দীপকের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক অর্জুন কুমার।