প্রধানমন্ত্রী পুত্রের নাম ভাঙিয়ে জমি বন্দোবস্তের চেষ্টা, গ্রেপ্তার ১
গাজীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের গাড়িচালক পরিচয়ে খাসজমি বন্দোবস্ত নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি।
বুধবার শহরের এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান।
গ্রেপ্তার আব্দুল আজিজের (৪৫) বাড়ি রংপুরের পীরগঞ্জ থানায়।
গাজীপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, “বিকাল ৪টার দিকে আজিজ জেলা রাজস্ব অফিসে গিয়ে কর্মচারীদের কাছে নিজেকে সজীব ওয়াজেদ জয়ের গাড়িচালক পরিচয় দেন।
“কাশিমপুর মৌজার কয়েক একর খাসজমি বন্দোবস্ত নেওয়ার জন্য গাজীপুরের আরডিসি ও কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারের জাল স্বাক্ষরসহ বিভিন্ন কাগজপত্র উপস্থাপন করেন এবং দ্রুত বন্দোবস্ত দেওয়ার জন্য চাপাচাপি শুরু করেন।”
এক পর্যায়ে তার আচরণ ও কথাবার্তা অফিসের কর্মচারীদের সন্দেহ হলে আরডিসি আব্দুল আজিজ ভুইয়ার কাছে নিয়ে যান। এ সময় খোঁজ নিয়ে তার সকল কাগজপত্র জাল প্রমাণিত হলে পুলিশে দেওয়া হয় বলে জানান তিনি।
ওসি আমিনুল বলেন, সন্ধ্যায় জেলা রাজস্ব অফিসের কর্মচারী মো. জাকারিয়া জয়দেবপুর থানায় আজিজের বিরুদ্ধে একটি মামলা করেন।
