স্ত্রীকে পেটানোর অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
সাভারে ‘মাদক সেবনে বাধা’ দেওয়ায় স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে এক এসআইয়ের বিরুদ্ধে।
বুধবার দুপুরে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার এসআই ফরহাদুজ্জামান ভুইয়া জানান।
“স্ত্রীকে মারধরের অভিযোগ ওঠা এসআই বদরুদ্দোজা মাহমুদ পলাতক রয়েছেন।”
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ওসি এএফএম সায়েদ বলেন, “নোয়াখালীর বাসিন্দা বদরুদ্দোজা আমাদের অধীনে ডিবির এসআই ছিলেন। সম্প্রতি ডিবি থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।”
এসআই বদরুদ্দোজার স্ত্রী রাজিয়া সুলতানা নীলা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
নীলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বদরুদ্দোজা বিয়ের পর থেকে আমাকে মারধর করে আসছে। সে প্রায়ই মাদক সেবন করত এবং মাদক ব্যবসায় জড়িত।
“বুধবার দুপুরে কয়েকজন বখাটে নিয়ে বাসায় বসে মাদক সেবন করছিল। এ সময় বাধা দিলে আমাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।”
নীলার দাবি, তাকে নির্যাতনের কথা তিনি ডিবি পুলিশকে জানিয়েছিলেন, এ কারণে তাকে কিছুদিন বরখাস্ত রেখে চট্টগ্রামে বলদি করা হয়েছে। তিনি এখনও নতুন কর্মস্থলে যোগ দেননি।
এ নিয়ে কথা বলতে এসআই বদরুদ্দোজার মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এসআই ফরহাদুজ্জামান বলেন, “হাসপাতালে চিকিৎসাধীন এসআই বদরুদ্দোজার স্ত্রীর সাথে কথা হয়েছে। সুস্থ হলেই তিনি অভিযোগ দিবেন।”
বদরুদ্দোজার বিষয়ে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
