সিলেটে বিস্ফোরকসহ আটক ৩
সিলেটের কানাইঘাট উপজেলায় অভিযান চালিয়ে উচ্চ ক্ষমতার বিস্ফোরকসহ তিন জনকে আটক করেছে র্যাব।
সোমবার ভোরে উপজেলার সুরাইঘাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-৯ এর জেষ্ঠ সহকারী পরিচালক মাঈন উদ্দিন জানান।
আটককৃতরা হলেন- কানাইঘাটের হালাবাদি গ্রামের এতিম আলীর ছেলে ইব্রাহিম (৪০), সোনারতন গ্রামের কাহিরের ছেলে মো. আশিক (১৯) ও একই গ্রামেন হরজাইল মিয়ার ছেলে রায়হান (২০)।
মাঈন উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সুরাইঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকটি পলিব্যাগে থাকা ৩০০টি এক্সপ্লোসিভ পাওয়ার জেল ও ৩০০ টি ইলেকট্রিক ডেটোনেটরসহ তিন জনকে আটক করা হয়।
বিস্ফোরকগুলো এতটা উচ্চক্ষমতা সম্পন্ন যে এ দিয়ে দুই থেকে তিন তলা স্থাপনাকেও পুরোপুরি গুড়িয়ে দেওয়া সম্ভব বলে জানান তিনি।
আটককৃতদের বরাতে র্যাবের এ কর্মকর্তা বলেন, বিস্ফোরকগুলো জেলার সীমান্তবর্তী এলাকার কয়লা খনিতে ব্যবহৃত হয়। এই বিস্ফোরকের চালান ভারতের মেঘালয় রাজ্যের লাটুম্বাই কয়লা খনির কিছু কর্মকর্তা ও কর্মচারীর মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা হয়।
