বেনাপোলে আ.লীগ কার্যালয়ের পেছন থেকে হাতবোমা উদ্ধার
বেনাপোলে আওয়ামী লীগের কার্যালয়ের পেছন থেকে হাতবোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।
শনিবার দুপুরে বেনাপোল ছোটআঁচড়া মোড়ের বিপরীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পেছনে থেকে এগুলো উদ্ধারের সময় তিনজনকে আটক করা হয়েছে বলে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার শহিদুল ইসলাম শহিদ জানান।
সেখান থেকে ১৪টি তাজা হাতবোমা, চারটি রামদা ও চারটি রড পাওয়া গেছে।
আটকরা হলেন, বেনাপোলের ভবারবেড় গ্রামের শাহাজান আলির ছেলে মোহাম্মাদ মধু (২৬), গোলম খবীরের ছেলে এরশাদ আলি (২৬) ও আব্বাস আলীর ছেলে রনি হোসেন (২৫)।
সুবেদার শহিদুল বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশে বেনাপোল আওয়ামী লীগ অফিসের পাশে ধারালো অস্ত্র ও বোমা নিয়ে দুর্বৃত্তরা অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে বালি ঢিবির ভেতরে হাতবোমা ও ধারালো অস্ত্র পাওয়া যায়।
এ সময় বোমার পাহারাদার তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
