শিক্ষকদের গাফিলতিতে ভোগান্তিতে শাবি শিক্ষার্থীরা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথাসময়ে মাইনর কোর্স সম্পন্ন না হওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন।
শিক্ষকরা যথাসময়ে মাইনর কোর্স শেষ করে পরীক্ষা নেন না বলে এই পরিস্থিতি তৈরি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত।
উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “আমরা নতুন বছর থেকে সব বিভাগের ক্লাস-পরীক্ষা একসঙ্গে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে সব বিভাগে সেমিস্টার শুরু করলে এ ধরনের সমস্যা আর থাকবে না।”
বিশ্ববিদ্যালয়ের মোট ২৯টি বিভাগের সব কটিরই স্নাতক শ্রেণিতে ৪০ ক্রেডিট কোর্স মাইনর হিসেবে অন্যান্য বিভাগের বিষয় পড়ানো হয়। বাকি ১০০ ক্রেডিট হচ্ছে মেজর কোর্স বা সংশ্লিষ্ট বিভাগের বিষয়।
মাইনর কোর্সও সমান গুরুত্বপূর্ণ। এ কোর্সে শিক্ষকরা গুরুত্ব না দেওয়ায় নানা রকম ভোগান্তির চিত্র পাওয়া গেছে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাইফ মুন্সী বলেন, “শিক্ষকরা মাইনর কোর্সগুলোর বেলায় যত্নশীল না। অনেক শিক্ষক তিন ক্রেডিটের কোর্সে ৩৬টি ক্লাসের বদলে তিন-চারটি ক্লাস নিয়ে নিজেদের তৈরি শিট ধরিয়ে দিয়ে কোর্স সমাপ্ত করেন।”
দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে সিএসই-২৩৭ ও সিএসই-২৩৮এম মাইনর কোর্স হিসেবে পাঠ্য ছিল গণিত বিভাগের শিক্ষার্থী জুয়েল রানার।
জুয়েল বলেন, “মেজর কোর্সের পরীক্ষা শেষ হয়ে তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেলেও এখন পর্যন্ত মাইনর কোর্সগুলোর পরীক্ষা হয়নি।
“শিক্ষকদের গাফিলতির কারণেই এমনটা হচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষক আন্তরিকভাবে ক্লাস শেষ করে পরীক্ষা নিয়ে নিলেই হয়। মাইনর কোর্সে পরীক্ষা দেরিতে হওয়ায় পরীক্ষার ফলও আসে দেরিতে। এতে শিক্ষার্থীরাই বিড়ম্বনায় পড়ে।”
খোঁজ নিয়ে জানা গেছে, রসায়ন বিভাগে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারে মাইনর হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিএসই-২০৩ডি ও ২০৪ডি এবং গণিত বিভাগের ম্যাথ-২০২সি কোর্স মাইনর হিসেবে পড়ানো হয়। মেজর কোর্স পরীক্ষা শেষ হওয়ার দেড় মাস পার হয়ে গেলেও মাইনর কোর্সগুলোর পরীক্ষা এখনও শেষ হয়নি।
বাংলা বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারে লোকপ্রশাসন বিভাগের প্যাড-১০২ ও সমাজবিজ্ঞান বিভাগের এসওসি-১০১বি পড়ানো হয়। নভেম্বরে বিভাগের মেজর কোর্সগুলোর পরীক্ষা শেষ হয়ে গেলেও মাইনর কোর্সগুলো এখনও বাকি রয়ে গেছে। কবে পরীক্ষা হবে সেটা এখনও জানে না শিক্ষার্থীরা।
বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে মাইনর কোর্স হিসেবে ইংরেজি বিভাগের ইএনজি-২২৫ এবং সিএসই-২০২ পড়ানো হয়। বিভাগের মেজর কোর্সগুলোর পরীক্ষা নভেম্বরে শেষ হয়ে গেলেও মাইনর কোর্সগুলোর ক্লাস এখনও শেষ হয়নি।
বাংলা বিভাগের এই সেমিস্টারের শিক্ষার্থী আমির হামজা বলেন, “মেজর কোর্সের পরীক্ষা শেষ হয়েছে দেড় মাস আগে। ভাবছিলাম বাড়ি যাব, কিন্তু মাইনর কোর্সের পরীক্ষা বাকি থাকায় বাড়ি যেতে পারছি না। কবে পরীক্ষা হবে সেটাও জানি না।
“ইংরেজি বিভাগের ইএনজি-২২৫ কোর্সে নিয়ম অনুযায়ী ৩৬টি ক্লাস নেওয়ার কথা থাকলেও কোর্স শিক্ষক মাত্র ছয়টি ক্লাস নিয়ে কোর্স সমাপ্ত করেছেন। এ কোর্সের পরীক্ষা এখনও হয়নি।”
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ইইই-২০৩কিউ এবং ইইই-২০৪কিউ পড়ানো হয়। ডিসেম্বরে এই সেমিস্টারের মেজর কোর্সের পরীক্ষা শেষ হয়ে গেছে। মাইনর কোর্সগুলোর পরীক্ষা গ্রহণের নির্ধারিত তারিখ তিনবার পেছানোর পর এখনও পরীক্ষা নেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের মোট ২৯ বিভাগের অধিকাংশ বিভাগের শিক্ষার্থী মাইনর কোর্সের ক্লাস-পরীক্ষা নিয়ে বিড়ম্বনায় রয়েছেন। মেজর কোর্সগুলোর সঙ্গে মিল রেখে মাইনর কোর্সগুলোর ক্লাস-পরীক্ষা না নেওয়ায় এমন ভোগান্তি বলে শিক্ষার্থীরা জানান।
বিশেষ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইরেজি, লোকপ্রশান ও গণিত বিভাগের মাইনর কোর্সগুলোয় বেশি ভোগান্তি পোহাতে হয় বলে সংশ্লিষ্ট কোর্সের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
এ বিষয়ে ভৌত বিজ্ঞান অনুষদের ডিন আহমেদ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেজর-মাইনর সকল কোর্সই সমান গুরুত্বপূর্ণ। যদি কোনো শিক্ষক মাইনর কোর্স পড়ানোর বেলায় আন্তরিক না হন, এটা দুঃখজনক। তবে এ রকম কোনো তথ্য আমার কাছে নেই।”
মাইনর কোর্সে শিক্ষার্থীদের ভোগান্তির কথা স্বীকার করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আব্দুল গনিও।
তিনি বলেন, “বিভিন্ন বিভাগে ভিন্ন ভিন্ন সময় ক্লাস শুরু হওয়ার কারণে মেজর ও মাইনর কোর্সগুলোর মধ্যে এমন তফাৎ সৃষ্টি হয়। একই সঙ্গে সব বিভাগের ক্লাস-পরীক্ষা শুরু করার জন্য উপাচার্য মহোদয় একাডেমিক ক্যালেন্ডার নির্ধারণ করেছেন। এটা অনুসরণ করলে আশা করি এসব সমস্যা আর থাকবে না।”
