২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছ ধরার ট্রলারে পাঁচ লাখ ইয়াবা, আটক ৮

কক্সবাজার উপকূলে গভীর সাগরে মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে পাঁচ লাখ ইয়াবা ট্যাবলেটসহ আটজনকে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2018, 09:43 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

শুক্রবারের এ অভিযানে ট্রলাটির জব্দ করা হয়েছে বলে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সহ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান জানান।

আটকরা হলেন, মোহাম্মদ কালু (৪৫), মোহাম্মদ রফিক (৫২), মোহাম্মদ হাসান  (৩০), হাসমত আলী (৩৫), নুরুল আলম (৩৭), মুজিবুল ইসলাম (৪০),  নাছির উদ্দিন (৪৬) ও মো. রফিক (৪৫)।

র‌্যাব বলছে, আটকদের বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায়।

আশেকুর বলেন, মাছ ব্যবসার আড়ালে মিয়ানমার থেকে সাগর পথে একটি ‘চক্র’ ইয়াবা পাচার করছে এমন খবর ছিল র‌্যাবের কাছে। এনিয়ে বেশ কিছুদিন র‌্যাব সাগরপথে নজরদারি শুরু করে।

“শুক্রবার সকালে কক্সবাজার উপকূলে মিয়ানমার থেকে আসা একটি মাছ ধরার ট্রলারে অভিযানে যায় র‌্যাব । ট্রলারে তল্লাশির এক পর্যায়ে মাছ সংরক্ষণাগার থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রলার থেকে ওই আটজনকে আটক করা হয়।”

আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি মামলা হয়েছে বলে র‌্যাব-৭ অধিনায়ক জানান।