পাটগ্রামে ভারতীয় আটক, পিস্তল উদ্ধার
লালমনিরহাটের পাটগ্রামে অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে, যাদের একজন ভারতীয় নাগরিক।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পশ্চিম জগতবেড় এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে পাটগ্রাম থানার ওসি অবনি শংকর কর জানান।
তাদের কাছ থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন এবং ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
ওসি বলেন, আটকরা হলেন ভারতের আসাম রাজ্যের কোকড়া ঝাড় জেলার গোসাইগাঁও থানার মাটিয়াপাড়া গ্রামের বাবলু মাতব্বরের ছেলে আমিনুল মাতব্বর ওরফে জাকির মাতব্বর ওরফে পাগলা আটাংকে (২৫) ও পাটগ্রামের পশ্চিম জগতবেড় গ্রামের সাইজুল ইসলামের ছেলে আব্দুর রশিদ (৩২)।
ওসি অবনি শংকর আরও জানান, আব্দুর রশিদ ভারতীয় গরু আনা-নেওয়ার কাজে জড়িত। সীমান্ত পথে গরু আনতে গিয়ে ভারতে প্রায় দুই বছর কারাভোগের পর সম্প্রতি দেশে ফিরেন রশিদ।
“সেদেশের কারাগারে থাকার সময় পরিচয় হয় ভারতীয় নাগরিক আমিনুল মাতব্বরের সঙ্গে। সেই সুবাদে সপ্তাহখানেক আগে রশিদের বাড়ি আসেন আমিনুল।”
ওসি বলেন, বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার গভীর রাতে রশিদের বাড়িতে অভিযান চালিয়ে আমিনুলকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ।
এ সময় আমিনুলের কাছ থেকে ৪৮ রাউন্ড গুলিসহ একটি পেট্রো বেরেটা অটোমেটিক ইতালিয়ান পিস্তল ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয় বলে ওসি জানান।
এ ঘটনায় অস্ত্র আইনে ও অবৈধ অনুপ্রেবেশের দায়ে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল-বি) হোসেন শহীদ সরওয়ারর্দী বলেন, “একাধিক মামলায় গ্রেপ্তার এড়াতেই ভারতীয় নাগরিক আমিনুল বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।”
