২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছাত্রলীগকর্মী হত্যায় মামলা, গ্রেপ্তার ১

পাবনায় ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় নয় জনের নামে মামলা হয়েছে। এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2018, 05:57 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার দুপুরে থানায় মামলাটি করেন নিহত আরিফুল ইসলাম সাগরের মা কহিনুর বেগম।

মামলার প্রধান আাসমি হলেন শহরের রামচন্দ্রপুর ঘোষপাড়ার আবু বক্কারের ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে লগ বাবু।

ওসি জানান, ইতিমধ্যে মামলার ৫ নম্বর আসামি একই এলাকার শাহজাহান আলী মন্ডলের ছেলে সাজিদ ফয়সাল রিজভী ওরয়েফ ভুবনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলাম সাগরকে (২৫) শহরের টেকনিক্যাল মোড় এলাকায় রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং গুলি করে হত্যা করে একদল হামলাকারী।

সাগর পাবনা শহরের কাচারীপাড়া মহল্লার মৃত আব্দুল হামিদের ছেলে এবং পাবনা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র।

শুক্রবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ আছর শহরের জিসিআই মাঠে জানাজা শেষে পাবনা সদর কবরস্থান আরিফপুরের দাফন করা হয়।

সাগরের মা কহিনুর বেগম বলেন, “আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমার আর কোনো সন্তান নেই। আমার কষ্ট আমি কারে বুঝাব।”

একথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।  

পুরনো খবর:

পাবনায় ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা