শ্রীপুরে বসতঘরে অগ্নিকাণ্ড
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি ‘তালাবদ্ধ’ বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আলামিন জানান, বরমী ঈদগাহ এলাকার বিধবা শারমিন আক্তারের বসতঘরে শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ওই এলাকার বাসিন্দা মো. বুলবুল সরকার বলেন, স্বামীর মৃত্যুর পর শারমিন তার বাড়ির দুটি কক্ষের একটি ভাড়া দিয়ে অন্য ঘরে সন্তানদের নিয়ে বসবাস করেন।
“রাতে ঘরে তালা দিয়ে পাশেই বাপের বাড়ি চলে যান। সকালে হঠাৎ তালাবদ্ধ ঘরে আগুন লাগে।”
তারা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়ার পাশাপাশি নিজেরা আগুন নেভানো শুরু করেন বলে তিনি জানান।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আলামিন বলেন, যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ থাকায় ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিভেয়ে ফেলে। তবে তার আগেই ফ্রিজ, টিভি ও অন্যান্য আসবাবপত্রসহ ঘরটি পুড়ে যায়।
“বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
