সাতক্ষীরার গুলিবিদ্ধ আ. লীগ নেতাকে ঢাকা স্থানান্তর
সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গুলিবিদ্ধ শেখ ফারুক হোসেন রতনকে ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে হেলিকপ্টারে তাকে ঢাকায় পাঠানো হয় বলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-উর-রশিদ জানান।
দলের খরচে তাকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান।
উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যান মঙ্গলবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন।
খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ফারুক হোসেনের অস্ত্রোপচার করা হয়েছে।
“আশঙ্কামুক্ত থাকলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।”
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পারুলিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে নিজ বাড়ি যাওয়ার পথে সখিপুর মোড়ে একটি প্রাইভেটকার থেকে তাকে গুলি করে অজ্ঞাত পরিচয় অস্ত্রধারী।
বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
