লাইনে গাছ পড়ে সিলেটের পথে ট্রেন চলাচল বিঘ্ন
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে লাইনের ওপর গাছ পড়ে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে।
বুধবার দুপুরে জাতীয় উদ্যানের ভেতরে লাইনের ওপর গাছ পড়ে চট্টগ্রামমুখী পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে থাকে বলে শ্রীমঙ্গল রেলস্টেশনের মাস্টার মো. জাফর আলম জানান।
তিনি বলেন, বেলা ১টা ৭ মিনিটে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশন থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটি উদ্যানের ভেতর মাগুরছড়া এলাকায় রেলপথে একটি বড় গাছ পড়ে থাকতে দেখে সেখানেই থেমে যায়।
এরপর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানান স্টেশন মাস্টার।
রেলওয়ের গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী ইরফান আলী জানান, খবর পেয়ে পড়ে থাকা গাছ কেটে সরানোর পর বেলা আড়াইটায় ফের যোগাযোগ শুরু হয়েছে।
