বাসমালিকদের দ্বন্দ্বে ঝালকাঠিতে যাত্রী ভোগান্তি
বরিশাল-কুয়াকাটা সড়কে ঝালকাঠির বাস চলাচলে বাধা দেওয়া হয় এই অভিযোগে ঝালকাঠির ওপর দিয়ে চার জেলার বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠি বাস মালিক সমিতি।
ঝালকাঠি বাসমালিক সমিতির দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির অভিযোগ করেন, বরিশাল-কুয়াকাটা সড়কে ঝালকাঠির বাস চলালে ভাংচুর করা হয়, নানাভাবে হয়রানি করা হয়।
“বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার বরিশালে সমঝোতা বৈঠকের কথা ছিল। কিন্তু বৈঠকে বলিশালের বাসমালিক সমিতির নেতারা আসেননি। তাই পাল্টা ব্যবস্থা হিসেবে আমরা ঝালকাঠির ওপর দিয়ে খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও বরিশালের বাস চলাচল বন্ধ করে দিয়েছি।”
আর এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। খুলনা, বাগেরহাট, পিরোজপুরের সঙ্গে বরিশালের যোগাযোগের একমাত্র সড়কটি গেছে ঝালকাঠির ওপর দিয়ে।
আবদুর রহিম নামে এক যাত্রী খুলনা থেকে বরিশাল যাচ্ছিলেন। তাকে নামতে হয়েছে ঝালকাঠি জেলার সীমান্তবর্তী বাসস্ট্যান্ড রায়পুরে। এখান থেকে স্থানীয় নসিমন-করিমন বা ভ্যান-রিকশায় করে ঝালকাঠির চার কিলোমিটার পার হলে পাওয়া যাবে বরিশালের বাস।
আবদুর রহিম বলেন, “এতে যেমন সময়ের অপচয় হয় তেমনি হয় অর্থের অপচয়।”
