২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে বিমানবাহিনীর হেলিকপ্টারের ‘জরুরি অবতরণ’

বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পের ভেতরে ‘জরুরি অবতরণ’ করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 02:04 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

এক বিবৃতিতে আইএসপিআর বলেছে, বুধবার সকালে ‘কারিগরি ত্রুটির’ কারণে হেলিকপ্টারটি হেলিপ্যাড থেকে ১০০ ফুট দূরত্বে ‘জরুরি অবতরণ’ করে।

বিমান বাহিনীর ওই এমআই-১৭১ হেলিকপ্টারটি সকালে ঢাকা থেকে ১৬ জন আরোহী নিয়ে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছিল, সকাল সোয়া ১০টার দিকে শ্রীমঙ্গলে নামার সময় জটিলতায় পড়ে। 

আইএসপিআর বলেছে, হেলিকপ্টারের দুইজন পাইলট উইং কমান্ডার ওমর এবং ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদীসহ আরোহীদের সবাই জরুরি অবতরণের পর হেলিকপ্টার থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তারা সবাই সুস্থ আছেন।

হেলিকপ্টারটিতে কুয়েতের কয়েকজন সেনা কর্মকর্তা ছিলেন বলে দেশটির সরকারি বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ওই হেলিকপ্টারে কুয়েত সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহামেদ আল খাদেরসহ একটি প্রতিনিধি দল ছিলেন। তবে তারা নিরাপদেই আছেন।

বন্ধুপ্রতীম দেশ বাংলাদেশ সফরে সোমবারই এসেছিল কুয়েতের এই প্রতিনিধি দলটি।

রাতে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েতের সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহামেদ খালেদ আল খাদেরের সঙ্গে সন্ধ্যায় ঢাকার লো মেরিডিয়ান হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

এসময় কুয়েত নেভার্স ফোর্সের কমান্ডার মেজর জেনারেল খালিদ আহমেদ আবদুল্লাহ, বাংলাদেশের নৌপ্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার উপস্থিত ছিলেন।

Image
ঢাকার লো মেরিডিয়ান হোটেলে সন্ধ্যায় কুয়েতের সেনা কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সেনাপ্রধান আবু বেলাল মো. শফিউল হক; কুয়েতের এই সেনা কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটিকে সকালে শ্রীমঙ্গলে জরুরি অবতরণ করতে হয়েছিল- ছবি: আইএসপিআর

ঢাকার লো মেরিডিয়ান হোটেলে সন্ধ্যায় কুয়েতের সেনা কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সেনাপ্রধান আবু বেলাল মো. শফিউল হক; কুয়েতের এই সেনা কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটিকে সকালে শ্রীমঙ্গলে জরুরি অবতরণ করতে হয়েছিল- ছবি: আইএসপিআর

কুয়েতের প্রতিনিধি দল হেলিকপ্টারের জরুরি অবতরণের ক্ষেত্রে বাংলাদেশের পাইলটদের দক্ষতার প্রশংসা করেন বলে আইএসপিআর জানায়।

কুয়েতের সেনা কর্মকর্তা আল খাদেরকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিরূপ আবহাওয়ার কারণে আমাদের হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। তবে পাইলটের পেশাদারিত্বে আমিসহ আমার প্রতিনিধি দল মুগ্ধ। কারণ এরূপ একটি ক্র্যাশ ল্যান্ডিং এর পরও আমরা সবাই নিরাপদ ও সুস্থ আছি।

“তাছাড়া অবতরণের ৫ মিনিটের মধ্যে বাংলাদেশের উদ্ধারকারী দল আমাদেরকে সুস্থভাবে ইভাকুয়েট করতে সক্ষম হয়। সেনা প্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।”