খোলা পড়ে আছে অজ্ঞাত মালিকের বিপুল সার
লক্ষ্মীপুরে মেঘনা নদীর তীরে বিপুল পরিমাণ টিএসপি সার খোলা পড়ে আছে, যার কোনো মালিকের খোঁজ পায়নি প্রশাসন।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নাছিরগঞ্জ এলাকায় রেখে বেশ কয়েকদিন ধরে এসব সার বস্তায় ভরে পাচার করা হচ্ছিল বলে স্থানীয়রা জানালেও কোথায় যাচ্ছিল তা বলতে পারেনি।
মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে উপজেলা প্রশাসন ওই সার আটক করে পুলিশ পাহারা বসায়।
কমলনগর ইউএনও মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার গণমাধ্যমকর্মীদের বলেন, “সার মজুদ ও পাচারের বিষয়টি আমাদের জানা ছিল না, এসব সার কমলনগরের জন্য বরাদ্দ করা হয়নি।
“সারগুলো আটক করে ঘটনাস্থলে পুলিশ পাহারা বসানো হয়েছে। এ ব্যাপারে কৃষি অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
পরীক্ষার জন্য ইতিমধ্যে ওই সারের নমুনা কুমিল্লা পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
মঙ্গলবার বিকালে সরেজমিনে নাছিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে দেখা গেছে. খোলা পড়ে আছে বিপুল পরিমাণ টিএসপি সার। এছাড়া দুইশ-এর মতো খারি বস্তাও দেখা গেছে।
তবে ওই সময় কোনো শ্রমিককে বস্তায় সার ভরতে দেখা যায়নি।
স্থানীয় মিন্টু মাঝি ও আবু তাহের সাংবাদিকদের বলেন, এক মাস ধরে প্রতিদিন ২০ থেকে ৩০ জন শ্রমিক মজুদ করা চাকা আকৃতির সার রোদে শুকিয়ে ঝরঝরে করে বস্তায় ভরার কাজ করছেন।
তবে ওইসব বস্তা জাহাজে ভরে নদীপথে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা বলতে পারেননি তারা।
গত কয়েকদিনে এখান থেকে প্রায় চার হাজার বস্তা সার নদীপথে পাচার করা হয়েছে বলে জানান মিন্টু মাঝি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, তারা স্থানীয় প্রভাবশালী আলমগীর মোল্লা, নুরুল ইসলাম ও রব মাঝির হয়ে এখানে কাজ করছেন।
ভোলার বাসিন্দা কাঞ্চন নামের এক ব্যবসায়ী এসব সার পাচারের হোতা বলে দাবি এসব শ্রমিকের।
এ ব্যাপারে জানতে চাইলে মোবালি ফোনে কাঞ্চন বলেন, সাগরে দুর্ঘটনায় পড়া একটি জাহাজ থেকে তিনি এসব সার সংগ্রহ করে নদীর তীরে এনে মজুদ করেন ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য।
তবে এত বিপুল পরিমাণ সার ব্যক্তিগত কী কাজে ব্যবহার হবে বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
