নোয়াখালীর স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতিতে
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার স্বাস্থ্য সহকারীরা ১১ নম্বর গ্রেডে বেতনসহ বিভিন্ন দাবিতে দুই দিন ধরে কর্মবিরতি পালন করছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সোমবার সকাল থেকে তাদের এ কর্মসূচি পালন করতে দেখা গেছে।
সোনাইমুড়ী হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বলেন, “টিকা দেওয়া একটি টেকনিক্যাল কাজ। টেকনিক্যাল গ্রেড হল ১১ নম্বর। কিন্তু আমাদের বেতন দেওয়া হয় ১৬ নম্বর গ্রেডে।
“আমরা ১১ নম্বর গ্রেডে বেতনসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্ট কালের জন্য এ কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে - মূল বেতনের ৩০ শতাংশ ভ্রমণভাতা ও ঝুঁকি ভাতা, প্রতি ছয় হাজার মানুষের জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ, শূন্য পদে নিয়োগ ও ১০ শতাংশ পোষ্য কোটা।
দুই দিন ধরে তারা উপজেলার কোথাও টিকা দেওয়ার কাজে অংশগ্রহণ করেনি বলে জানান আন্দোলনকারীরা।
সংগঠনটির সাধারণ সম্পাদক ওমর ফারুখ চৌধুরী বলেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ডাকে সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করছেন তারা।
“গত ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদাসহ সকল দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন। কিন্তু গত ১৯ বছরেও তা বাস্তবায়ন না হওয়ায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।”
