পাবনায় পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩০
পাবনায় ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
সোমবার দুপুরে শহরের শহীদ আমিন উদ্দিন রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষে নয় পুলিশসহ ৩০ জন আহত হয়েছে।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, অনুমতি না নিয়েই প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি বের করার চেষ্টা করে ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশ এতে বাধা দিলে পাটকেল নিক্ষেপ শুরু করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এতে পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক ও জেলা ছাত্রদল সভাপতি হিমেল রানাসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি হিমেল রানা বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ করেছে।
“নিয়ম অনুসারে চার দিন আগে পুলিশ সুপারের কাছে কর্মসূচির কথা জানিয়ে আবেদন করা হয় এবং অনুলিপি পাবনা সদর থানায়ও দেওয়া হয়। এর পরেও কেন পুলিশ আমাদের উপর এই ধরনের হামলা করেছে তা বোধগম্য নয়।”
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
